বুধবার | ৮ আশ্বিন, ১৪৩৩ | 23 September 2026
সময়: ৯:৩৪ অপরাহ্ন
সংবাদ

জাল এনআইডি তৈরিতে সক্রিয় সুসংগঠিত চক্র

📅 ৮ আশ্বিন, ১৪৩৩ 🕒 ১২:১১ পূর্বাহ্ন 👁 পাঠক: ১৩৮৮

স্টাফ রিপোর্টার: দেশে সম্প্রতি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে নকল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহারের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি ঢাকা ও চট্টগ্রাম জাল এনআইডি চক্রের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতারের পর এ জালিয়াতির পেছনের সুসংগঠিত কাঠামোর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রাহক সংগ্রহ করা থেকে শুরু করে নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে তথ্য প্রবেশ করানো পর্যন্ত প্রতিটি ধাপে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। ​বসুন্ধরা ও হালিশহর থেকে একাধিক গ্রেফতার গত ১৭ই সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা থেকে এনআইডি জালিয়াতি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন ডাটা এন্ট্রি অপারেটর, ২ জন দালাল এবং ১ জন জাল এনআইডি গ্রহণকারী রয়েছেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামে আরেকজনের জমি ভুয়া এনআইডি বানিয়ে বিক্রি করে দেওয়ার চেষ্টাকালে জালিয়াতি চক্রের আরও ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। 

চট্টগ্রাম পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের এডিসি জানান, এ জালিয়াতির নেটওয়ার্ক কেবল এক অঞ্চলে সীমাবদ্ধ নয়, ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গ্রেপ্তার করা আসামীদের ব্যবহৃত মোবাইল ও পিসি থেকে তাদের সাথে সংযুক্ত থাকা অধিকাংশ সদস্যের সন্ধান পুলিশ পেয়েছে। বর্তমানে চক্রের অন্যান্য সদস্যদেরও আইনের আওতায় আনার কাজ চলমান রয়েছে।

← সব সংবাদে ফিরে যান